জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আবাসিক ফজিলাতুন্নেছা হলে জানালার কাঁচ
ভেঙে চুরি হওয়ার খবর পাওয়া গিয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) রাত এ ঘটনা ঘটে।
হলের
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তিনটি রুমের জানালা ভেঙে ভেতরে থাকা নগদ টাকা ও অন্যান্য
জিনিস চুরি হয়েছে। হলটির আবাসিক ও চারুকলা বিভাগের শিক্ষার্থী জুলফিশাহ রাবেয়া
মুমু জানান, রাত আড়াইটার দিকে তিনি কাচ ভাঙার
শব্দ শুনেছেন। মুমু বলেন, বিশ্ববিদ্যালয়ে ছুটি চলায় হলে শিক্ষার্থীদের উপস্থিতি
কম। তাই শব্দ শুনলেও তিনি বাইরে যাননি।
অন্য একজন
শিক্ষার্থীও ভোররাতের দিকে জানালার পাশে মানুষের উপস্থিতি টের পেয়েছেন বলে জানান
মুমু। তিনি বলেন, তার রুমে বাইরে থেকে টর্চ লাইটের আলো ফেলা হয়। পরে তিনি
চিৎকার করলে লোকটি পালিয়ে যায়।
এ ঘটনার পর
নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হলের সিসি
ক্যামেরা নষ্ট। তাছাড়া সামনেই সবাইকে নতুন হলে ওঠানো হবে বলে পুরনো হলের
সমস্যাগুলোকে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না।
এরই মধ্যে চুরির ঘটনা জেনেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলেও জানিয়েছেন প্রভোস্ট।










