সাভারের আশুলিয়ায় আয়েশা ক্লদিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টা ১৫ মিনিটে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীতে পলমল গ্রুপের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, ‘দুপুর ১২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও যোগ দেয়। পরে বেলা ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে।’

কারখানাটির শ্রমিকরা জানান, দুপুরে হঠাৎ করে ধোঁয়া বের হতে শুরু করে। তারপর আগুন জ্বলে ওঠে। এতে সবাই আতঙ্কিত হয়ে বের হয়ে যান।

এদিকে আগুন লাগার খবরে কারখানার আশপাশে উৎসুক জনতা জড়ো হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।যারা গার্মেন্টসের চারপাশে ভিড় করেছিল তাদেরও সরিয়ে দেয়া হয়েছে।