এ লক্ষ্যে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও ভাবমূর্তি পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, মব নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশ সংস্কার, র‌্যাব পুনর্গঠন, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক আইনগত সহায়তা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশ সহযোগিতার নতুন ক্ষেত্রও চিহ্নিত করতে আগ্রহ প্রকাশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌আমরা পুলিশ সংস্কারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। তবে এ উন্নয়ন রাতারাতি সম্ভব নয়, আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘‌অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় তারা মব নিয়ন্ত্রণে সফল হতে পারেনি, তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো মবের ঘটনা ঘটেনি। সরকার কোনো ধরনের মব বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে সভা-সমাবেশ ও গণতান্ত্রিক মতপ্রকাশ করতে পারবে।’

র‌্যাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রীয় কাঠামোয় একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। আইনি পর্যালোচনার মাধ্যমে নাম ও কাঠামোগত পরিবর্তন এনে বাহিনীটিকে কার্যকর রাখা হবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা নিয়ন্ত্রণে ‘অ্যান্টি রায়ট ট্রুপ’-এর সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কারিগরি সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ফ্রান্স দূতাবাসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন তিনি। এছাড়া ফ্রান্স দূতাবাস থেকে আইজিপি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের যে অনুমতি চাওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে চিঠি ইস্যু করা হয়েছে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন মন্ত্রী।

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘‌ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী।’ এরই মধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্ত করে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফরাসি রাষ্ট্রদূত।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্ম সচিব রেবেকা খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাচে ক্রিস্টেল ফন্টেইন ও পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।