শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাজেটে শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপেনের দাম বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। এ বিষয়ে আলোচনা হবে। আমি আশা করি, সে আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে সেটির যেন দাম না বাড়ানো হয়।’ গতকাল দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাজেট বরাদ্দ প্রতি বছরই বাড়ছে, এ বছরও গত বছরের তুলনায় অনেক বেড়েছে। একই সঙ্গে আমাদের জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। সে হিসেবে হয়তো শিক্ষায় বরাদ্দ কিছুটা কমেছে। আমি বারবার বলছি, আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, এগুলো শেষ হয়ে গেলে শিক্ষাই হবে মেগা প্রজেক্ট।’ 

দীপু মনি বলেন, ‘শিক্ষায় আমাদের যে লক্ষ্য, বঙ্গবন্ধু কন্যা আমাদের যেটি ঠিক করে দিয়েছেন বঙ্গবন্ধুর দেখানো পথে। আমরা দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষ তৈরি করব, যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, লাগসই প্রযুক্তি ব্যবহার করছি, আমরা অবকাঠামোগত উন্নয়ন করছি এবং সবচেয়ে জরুরি যেটি শিক্ষক প্রশিক্ষণ, সেটি আমরা ব্যাপকভাবে করছি।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী ও ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াছ প্রমুখ।

পরে মন্ত্রী চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।