বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইটটির উড্ডয়নের কথা রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি জানান, বিমানবন্দরে তাকে আমরা রিসিভ করব। অসুস্থ শাশুড়িকে (খালেদা জিয়া) সঙ্গে নিয়ে তিনি আবার লন্ডনে ফিরবেন।

এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সাংবাদিক জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সব ঠিক থাকলে কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন। তার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্য, চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা।

তালিকা অনুসারে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন সফরসঙ্গীর তালিকায়। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী।

গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।