মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি ভাঙ্গারি মালামাল কেনাবেচার ব্যবসা করতেন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেল লাইনের ওপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে।
ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাদ্দাম হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙ্গারির ব্যবসা করি। নিহতের নাম রফিকুল ইসলাম। রফিকুলের এক ছেলে, এক মেয়ে।তিনি জুয়া খেলে অনেক টাকা হেরেছেন। আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। অনেক দিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি।
প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বুধবার বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলেরি দিকে যাচ্ছে।










