২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৯৮৬ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। গণঅভ্যুত্থানের তথ্য বিশ্লেষণ করে এইচআরএসএসের পর্যালোচনা প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়।

সংগঠনটির মতে, নিহতদের ৮৬৮ জনের নাম জানা গেলেও ১১৮ জনের নাম জানা সম্ভব হয়নি। তবে গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, নিহতের সংখ্যা কমপক্ষে ১ হাজার ২০০ জন হবে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে সংগঠনটি।

অভ্যুত্থানের এ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের হাতে কতজন নিহত হয় সে দিকটি তুলে ধরা হয়। সংগঠনটির মতে, গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিপ্লবে হত্যার সঙ্গে সম্পৃক্ত বাহিনী বা গোষ্ঠীর বিষয়ে ৬৬০ জনের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, শুধুমাত্র পুলিশের হামলায় ৫১৮ জন (৭৮ শতাংশ), অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৫২ জন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ৫২ জন এবং গণপিটুনিতে ৩৮ জন নিহত হয়েছেন।

নিহতদের সম্পর্কে তথ্য বিশ্লেষণে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোট ৮৭৯ জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ নিহত হয়েছেন গুলিতে। যার পরিমাণ ৭৭ শতাংশ। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ১০ শতাংশ এবং পিটিয়ে মারা হয়েছে ১০ শতাংশকে।

নিহত ৭৬০ জনের বয়স বিশ্লেষণ করে দেখা যায়, সংখ্যায় সর্বোচ্চ ৪১৮ জন হলো তরুণ, যা মোট সংখ্যার ৫৫ শতাংশ। আর বয়স্ক ব্যক্তি আছেন ৪ শতাংশ। প্রতিবেদনের উল্লেখযোগ্য বিষয় হলো- নিহতদের মধ্যে যাদের বয়স জানা গেছে, তাদের ৭২ শতাংশের বয়স ৩০ এর মধ্যে।