বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পেয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব দেয়া হলো।
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০২২ সালের ১৯ এপ্রিল ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।










