দেশের সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, দেশের ৪০ শতাংশ বেকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সহজতা নিশ্চিত করার জন্য দ্রব্যমূল্যের দিকে নজর দিতে হবে।

আজ সোমবার (১১ নভেম্বর) দৈনিক বণিক বার্তার উদ্যোগে আয়োজিত ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান আরো বলেন, মেগা প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও গত ১৬ বছরে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে, তা আসলে ভ্যানিটি প্রজেক্ট। এসব প্রকল্পের বাস্তবিক প্রয়োজন নেই। এগুলো মূলত শোভাবর্ধনকারী প্রকল্প হিসেবে চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, সামষ্টিক অর্থনীতির দুর্বলতা কাটাতে এবং দেশের কর্মসংস্থান ও বিনিয়োগ সমস্যার সমাধান করতে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। বর্তমানে দেশে বড় কোনো বিনিয়োগ দেখা যাচ্ছে না। ফলে অস্থিরতা বিরাজ করছে।

এছাড়া ড. হোসেন জিল্লুর রহমান বলেন, উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য অন্তর্বর্তী সরকার তেমন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। সরকারের কার্যক্রম শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ। মাঠে তাদের কার্যক্রম দেখা যাচ্ছে না।

তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন খাত খুঁজে বের করতে হবে। বিশেষ করে গার্মেন্টস খাতের পাশাপাশি কৃষি খাতকেও আগামী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করতে হবে।