সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি
সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাগরিক। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে
সদর উপজেলার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির
অসীম কুমার বিশ্বাস। তিনি বাগেরহাটের মোংলায় নির্মাণাধীন ট্রেন লাইনের উপ-ব্যবস্থাপক
হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহতের নাম ছবি বিশ্বাস, তার বাড়ি কারিমপুর এলাকায়। এ নারী
একই প্রকল্পে কর্মরত ছিলেন।
একই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট
কারের চালক রফিকুল ইসলাম সজিব। তার বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,
প্রাইভেট কারটি খুলনা থেকে সাতক্ষীরার যাচ্ছিল। পথে শহরতলীর তালতলা এলাকার বিজিবি হেড
কোয়ার্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
কারটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই ওই দুই ভারতীয় মারা যান। অন্যদিকে গুরুতর আহত অবস্থায়
চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার তৎপরতায় যুক্ত থাকা সাতক্ষীরা
ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, মরদেহ দুটি উদ্ধার
করে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালক সদর হাসপাতালে ভর্তি আছেন।










