মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
দুই গ্রুপের সংঘর্ষে কাউসার আহমেদ (২০) নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া
হয়েছে রোববার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের
মাকহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আহত হয়েছেন আরো
বেশ কয়েকজন।
গুলিবিদ্ধ কাউসার সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ
মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ কাউসারের অভিযোগ, প্রতিপক্ষ
ফয়সাল সরকার শটগান দিয়ে তাকে গুলি করেছেন।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি সামলাতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র
স্থানীয় ফয়সাল সরদার গ্রুপ ও নাহিদ গ্রুপের মধ্যে
দীর্ঘদিন ধরেত বিরোধ চলছে। দুটি
গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পূর্ববিরোধকে
কেন্দ্র করে আজ সকাল থেকে
এলাকায় উত্তেজনা শুরু হয়। পরে দুপুরের দিকে দুই গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু
হয়। এ সময় মাকহাটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। গোলাগুলির মধ্যে পড়ে
গুলিবিদ্ধ হন কাউসার। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মুন্সিগঞ্জ
জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
কাউসারের মা বলেন, এলাকায় দলাদলি রয়েছে। আমরা কোনো দল করি না। আমার
ছেলেও কোনো দলের সঙ্গে নেই। কিন্তু তার গায়ে গুলি লেগেছে। আমি এর বিচার চাই।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক সোহাগ হাসান জানান,
রোগীর শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলি লেগেছে।
প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠোনো হয়েছে।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল
হাসান জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে নাহিদ ও ফয়সাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ
হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে ডিবি পুলিশও কাজ করছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের দ্রুতই খুঁজে আইনের আওতায়
আনা হবে।










