রাজধানী
ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর বন্দরনগরী চট্টগ্রামের
বহুতল ভবন ও রেস্তোরাঁর জরিপ
শুরু হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি অথরাইজড জোনের নেতৃত্বে জরিপ কার্যক্রম করা হবে। জরিপে ১০ তলার বেশি
উচ্চতার ভবনগুলোর অগ্নিঝুঁকির ব্যাপারে অনুসন্ধান করা হবে।
তবে যেসব ভবনে রেস্তোরাঁ রয়েছে সেসব ভবন ১০ তলার কম হলেও সেখানে জরিপ পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তী সময়ে এ জরিপ প্রতিবেদনের ভিত্তিতে উচ্ছেদসহ আইনি পদক্ষেপ নেয়া হবে।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, প্রাথমিকভাবে ১০ তলা থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চতার ভবনগুলো জরিপ করা হবে। তবে যেসব ভবনে রেস্তোরাঁ রয়েছে সেগুলো কম উচ্চতার হলেও জরিপ করা হবে। এরপর ভবনগুলোর মধ্যে বেশি অগ্নিঝুঁকিতে থাকা ভবনের ব্যাপারে আগে অভিযান চালানোসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভবনে রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নিঝুঁকি রোধে ব্যবস্থা অনুসন্ধান করা হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য মতে, ২০২১-২৩ সাল পর্যন্ত চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৫ হাজার ৯০৯টি। এসব ঘটনায় নিহত হয়েছেন ৩৪৭ জন।










