প্রায় সপ্তাহ পর সিরাজগঞ্জের ১২ থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে এসব থানার দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ধীরে ধীরে সব ধরনের সেবা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আফিফুর রহমান মণ্ডল। পুলিশকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। পুলিশ সুপার কার্যালয়সহ কয়েকটি থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তাহীনতায় নিজেকে এবং পরিবারের সদস্যদের বাঁচাতে অনেকে কর্মস্থল ত্যাগ করেন। পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়ে জেলার প্রায় ৩২ লাখ মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুন্তাসির হাসান মেহেদি জানান, চলমান পরিস্থিতিতে জেলায় কয়েকশ শিক্ষার্থী পালাক্রমে সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।










