১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার ( ১৪ অক্টোবর) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ২৪ শতাংশ। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পরীক্ষার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে এই লিংক অথবা সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৮০। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ জন এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জনসহ মোট ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।










