ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই সম্পাদকের ওপর হামলার অভিযোগ ওঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই নেতা হলেন—ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়ের।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ফেসবুকে ‘অপমানজনক’ পোস্ট দেয়ার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে সন্ধ্যায় মামলা করতে শাহবাগ থানায় যান ছাত্রদল নেতারা। মামলার ঘোষণা ছাত্রদল নেতারা আগেই দিয়েছিলেন। একই সময়ে নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় হাজির হন আব্দুল্লাহ আল মাহমুদ। তার সঙ্গে ছিলেন ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও ফাতেমা তাসনিম জুমা।
থানা চত্বরে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ডাকসু নেতাদের সঙ্গে ছাত্রদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পরই ২০ থেকে ৩০ জন ছাত্রদলকর্মী মোসাদ্দেক ও জুবায়েরের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন।
তবে ছাত্রদলের নেতাদের দাবি, মোসাদ্দেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর আগে আক্রমণের চেষ্টা করেন, যার ফলে সেখানে উত্তেজনা তৈরি হয়। হামলার পর ছাত্রদলের শীর্ষ নেতারা দুই ডাকসু নেতাকে উদ্ধার করে থানার ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেন।










