রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী ‘জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল দুপুরে দলের জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা।

তারা জানান, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা শুনতে ও দেশের মানুষের দুয়ারে পৌঁছে যেতে এনসিপি জুলাইজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা নগরীর লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করবেন। এরপর পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।