আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিক নেতারা বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স দেয়া বন্ধ করা এবং কাস্টমস কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, শারীরিক বিকলঙ্গ, বিধবাসহ লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে কতিপয় অসাধু আমলা বিড়ির উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এতে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা কর্ম হারিয়ে বেকার জীবন যাপন করছেন।

সমাবেশ শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনিত পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমীন জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদান মিঠু আহম্মেদ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি), সহ সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বাংলাদেশ বিড়ি শ্রমিক লুৎফর রহমান প্রমুখ।