কক্সবাজার শহরের পাশেই খুরুশকুলে গড়ে তোলা হচ্ছে শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প। এরই মধ্যে ১৯টি পাঁচতলা ভবনের কাজ শেষ হয়েছে। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীর তীরঘেঁষে গড়ে তোলা এ প্রকল্পের ফ্ল্যাট আনুষ্ঠানিকভাবে আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে উদ্বোধনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার।

আশরাফুল আফসার বলেন, আশ্রয়ণ প্রকল্পের ১৯টি ভবনের কাজ শেষ হয়েছে। এসব ভবনের ফ্ল্যাটগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হস্তান্তর করতে ১৪ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের সভাপতিত্বে লটারির ড্র সম্পন্ন হয়। লটারির ভিত্তিতে ৬০০ পরিবারের মধ্যে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেয়া হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাড়ে চার হাজার পরিবারের প্রায় ২০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করতে সরকার ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্প বাস্তবায়ন করতে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীরঘেঁষা প্রায়

২৫৩ দশমিক ৩৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ প্রকল্পে ১৩৭টি পাঁচতলা ভবন নির্মাণ করা হবে, যার মধ্যে শেখ হাসিনা টাওয়ার নামে একটি ১০তলাবিশিষ্ট সুউচ্চ ভবনও থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ২০১৭ সালে প্রকল্পটির কাজ শুরু হয়ে প্রাথমিক পর্যায়ে ১৯টি ভবনের কাজ শেষ হয়েছে। বাকি ভবনগুলোর কাজও দ্রুত এগিয়ে চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় উপকারভোগীদের সঙ্গে কথাও বলবেন প্রধানমন্ত্রী।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পটিতে সব ব্যবস্থা যখন চালু হবে, তখন বসবাসকারীদের কর্মসংস্থানের অভাব হবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বসবাসকারীরা যেন আধুনিক সুযোগ-সুবিধা পান, সেদিকে নজর দেয়া হবে।