টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল-প্রাইভেট কারের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট ) দুপুরে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কে উপজেলার কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (২৮) কালিহাতীর বীরবাসিন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও আসাদুল (২০) আরফান আলীর ছেলে। তারা দুজনই মোটরসাইকেল আরোহী।

কালিহাতী থানার ওসি আজিজুর রহমান জানান, নিহতরা কালিহাতী থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কামার্থী এলাকায় ভ্যানগাড়িকে ওভারটেক করতে গিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।

জাকির হোসেন ঘটনাস্থলে মারা যান। আসাদুলকে গুরুতর আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হস্তান্তর করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।