জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। ‘‌মগজচাষেই মাদকনাশ’ স্লোগানে এ আয়োজনের তিন পর্বের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী হয়ে গেল আজ শনিবার (৩ ডিসেম্বর)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনটির আয়োজিত এ উৎসব শুরু হয় গত ২৫ নভেম্বর। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিতর্ক উৎসব। প্রথম দিন আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, পর্যায়ক্রমে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়।
সংসদীয় পদ্ধতিতে বাংলা মাধ্যমে অনুষ্ঠিত এ বিতর্ক  উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ে ৩২টি করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৬টি দল অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে। চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির বলেন, জেইউডিওর এবারের আয়োজন বরাবরের মতোই ব্যতিক্রম। মাদকের মতো একটি গুরুতর সামাজিক সমস্যা নিয়ে তারা কথা বলছেন। আশা করি মগজচাষে মাদকনাশ হবে।
সংগঠনের সভাপতি ফারহান আনজুম করিম বলেন, জেইউডিও সারাবছরই বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজনও তারই অংশ। আয়োজনে সহযোগিতা করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।