কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি সড়কের পাশে খালে উল্টে পড়েছে। এ সময় খালে গোসলরত তিন নারী ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি বাজার থেকে রাজাপুর যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পঞ্চগড়ে ট্রাক চাপায় ও কিশোরগঞ্জে

মাইক্রোবাস চাপায় আরো দুজন নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুমিল্লা: কড়িকান্দি গ্রামের তিন নারী খালে গোসল করতে যান। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ট্রলির নিচে চাপা পড়ে গোসল করতে নামা ওই তিন নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় এক শিশু। পরে স্থানীয় লোকজন আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতরা হলেন উপজেলার কড়িকান্দি গ্রামের দিনমজুর ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৩৫), একই গ্রামের মো. ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫)। এদের মধ্যে রোজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগ্নের স্ত্রী।

তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড়: ট্রাকের নিচে চাপা পড়ে আনারুল ইসলাম (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে পঞ্চগড়ের করতোয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালকের সহকারী মজিবর শেখকে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।

নিহত আনারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাহারউদ্দিনের ছেলে। তিনি আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আটোয়ারীর উদ্দেশ্যে বের হন। করতোয়া সেতুতে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলা করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর-থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা সামছুল হক (৫৯) উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে থানারঘাট এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সামছুল হক। পথে মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতি মসজিদের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।