ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল থেকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে সমবেত হতে থাকেন।

এ সময় উচালিয়াপাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে।

এ ঘটনার জেরে উচালিয়াপাড়া ও সৈয়দটুলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই গ্রামের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ও পরিস্থিতি শান্ত করে। তিনি বলেন, ঘটনার মূল কারণ উদঘাটনসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।