নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যায় মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নৌ-পরিবহন মন্ত্রণালয় এ দুটি তদন্ত কমিটি গঠন করে।

আজ রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, সৈয়দপুরের আল-আমিন নগর এলাকায় লঞ্চ ডুবির ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নৌ-পুলিশের একজন, ফায়ার সার্ভিসের একজন, বিআইডব্লিউটিএর একজন, জেলা পুলিশের একজন ও উপজেলা প্রশাসনের একজন রয়েছেন বলে জানান তিনি।  

অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রণালয় একই ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুর রশিদকে আহ্বায়ক করে আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিবে। এ তদন্ত কমিটির বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন

এদিকে, আজ সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । এসময় গণমাধ্যমকে তিনি বলেন, নৌ-দুর্ঘটনা রোধে আইন পরিবর্তন করতে হবে। তিনি মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের নৌ-পথকে নির্বিঘ্ন করতে ও এ ঘটনার জন্য প্রত্যক্ষভাবে যারা দায়ী তাদের আইনের আওতায় নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।