উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা ও একবার-দুইবারের বেশি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া যাবে না এ নিয়ম উঠিয়ে দেয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি । তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে জীবনমুখী করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির
ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে।
আজ শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ
ভর্তি পরিক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থী-অভিভাবকসহ
সকলের অর্থসাশ্রয়, তাদের ভোগান্তি কমানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে আসা
প্রয়োজন।
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে
বিশ্বাসী। এজন্যই এখন বিএনপি স্বাধীনভাবে সবকিছু করতে পারছে।অথচ তাদের শাসনামলে আওয়ামী
লীগকে কোথাও সমাবেশ করতে দেয়া হতো না। কার্যালয়ের ভেতরেই অবরুদ্ধ করে রাখা হতো।
মন্ত্রী বলেন, আমরা চাই দেশে সব দল নির্বাচনে আসুক। বিএনপি মাঠে যাচ্ছে
সেটাও ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি অরাজকতা কিংবা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে তাহলে
তা কঠোর হাতে দমন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাবি ভিসি অধ্যাপক মো. নূরূল আলম বলেন, মহামারীর
মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ অর্ডিন্যান্স করে সেশন জট কমিয়ে আনতে কাজ
করেছে। বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের পাঁচজন শিক্ষক এবং এক শিক্ষার্থীর
নাম এসেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক শেখ মো. মনজুরুল
হক, পদার্থবিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক
ফরিদ আহমদ, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস প্রমুখ।










