ফেনীর পরশুরাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব আলকা গ্রামের শাহ আলমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পারভেজসহ এলাকার কিশোররা স্কুলের মাঠে ফুটবল খেলছিল। এসময় ফুটবলটি ছাদের উপর উঠে গেলে পারভেজ বলটি নামাতে ছাদে ওঠে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বলটি নিয়ে পারভেজ নিচে না নামায়, অন্য কিশোররা ছাদে ওঠে দেখে পারভেজ বিদ্যুতের তারে জড়িয়ে আছে। তাৎক্ষণিক খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পারভেজের লাশ উদ্ধার করে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।