সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে
আজ শুক্রবার (২১ এপ্রিল) চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল ফিতর পালিত হচ্ছে। জেলার হাজীগঞ্জ
উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে সকাল সাড়ে
৯টায় অুনষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।
জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ
সংলগ্ন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ১০টায় ঈদের জামাতের ইমামতি করেন সাদ্রা
দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী। সাদ্রা দরবার শরীফে ঈদের জামায়াতে ইমামতি
করেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। নামাজ নামাজ শেষে সবাই কোলাকুলি করে পরস্পরের
সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলেই
ঈদ পালন করেন চাঁদপুরের ওই ৪০টি গ্রামের মানুষ। সে হিসেবে এবারও তারা সরকারিভাবে ঘোষণার
একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন। তারা রোজাও শুরু করেন সরকারি হিসেবের একদিন আগে।
সাদ্রা দরবার শরীফের পীরের ছেলে মুফতি জাকারিয়া
আল মাদানী বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআন ও হাদিসের আলোকে আমরা ঈদ উদযাপন করে
থাকি। যার ফলে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি।
মুসল্লিরা জানান, কয়েক প্রজন্ম ধরেই এভাবে
ঈদ উদযাপন করে আসছেন তারা।
সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা
অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইসহাক ১৯২৮ সাল থেকে বিশ্বের যেকোনো জায়গায় প্রথম চাঁদ দেখার
ওপর ভিত্তি করে রোজা ও ঈদসহ অন্যান্য রীতি পালনের প্রচলন শুরু করেন। এরপর থেকেই তার
অনুসারীদের মধ্যে এ রীতি চলছে।










