সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো আর নেই। গতকাল দুপুরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ (সোমবার) জোহরবাদ তার জানাজা।

বিশিষ্ট রাজনীতিবিদ টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯০ সালের মে মাসে পান শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব। ১৯৯১-এর শেষে জাতীয় পার্টির মহাসচিব হন এবং ১৯৯৬ সালে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরে বিএনপিতে যোগ দিলেও ২০০১ সালের নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান ও বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর যোগ দেন আওয়ামী লীগে। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।