শ্রমিকদের মারধরের অভিযোগে কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে ধর্মঘট ডেকেছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। ফলে গতকাল সকাল থেকে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে।  

এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান, বেশকিছু দিন ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কুষ্টিয়ার মোটর শ্রমিকদের মধ্যে। ঝিনাইদহের ট্রিপ বৃদ্ধি করলে কুষ্টিয়ার ট্রিপও বৃদ্ধির দাবি জানান কুষ্টিয়ার মোটর শ্রমিকরা। বিষয়টি নিয়ে বুধবার বিকালে বাস মালিকরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে কুষ্টিয়ার বাসের কয়েকজন স্টাফকে মারধর করা হয়। এ নিয়ে কুষ্টিয়ার পরিবহন সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

আগামী রোববারের মধ্যে ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে সব কটি রুটে যান চলাচল বন্ধ করা হবে জানান, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান। তিনি বলেন, ‘‌বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের রোববারের মধ্যে পুলিশ গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’