যশোরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথায় দুই, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক, নরসিংদীর মাধবদীতে এক ও নওগাঁর পত্নীতলায় একজনসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
যশোর: সদর উপজেলায় বিএডিসির ট্রাকচাপায় ভ্যানযাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন দুজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২২), সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যানচালক মাসুম হোসেন (২৮)। আহতরা হলেন যবিপ্রবির মাস্টার্সের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ (২৪) ও সদরের কমলাপুর গ্রামের আমজেদ আলী আলী (৬৫)।
নিহত জোহরা বেগমের স্বামী ও প্রত্যক্ষদর্শী আমজেদ আলী জানান, চুড়ামনকাঠি বাজার থেকে তারা ভ্যানযোগে চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী-স্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ পাঁচ যাত্রী ছিলেন। পথে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে পৌঁছলে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাপা দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ তিনজন মারা যান। আহত হয়েছেন আরো দুজন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, বিএডিসির ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
ফরিদপুর: জেলার সালথায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারাণপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মাদপুর থানার দীঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মেহেদী হাসান একই ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা। সালথা থানার এসআই তন্নয় চক্রবর্তী জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালথার রিসডা সেন্টারে আফ্রিদী ও মেহেদী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। নারাণপুর মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী। গুরুতর আহত মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চৌধুরীবাড়ি এলাকায় ট্রাকচাপায় নূরজাহান বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নূরজাহান বেগম তার মেয়ের বাড়ি চৌধুরীবাড়ি এলাকায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে শনিবার বিকালে তার নিজ বাড়ি বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে চৌধুরীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
নরসিংদী: জেলার মাধবদীতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জসিম মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জসিম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকার পাকিজা মিলের সামনে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপচালক জসিম মারা যান। নওগাঁ: জেলার পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন পত্নীতলা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চাকরি করতেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামে।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, রুহুল আমিন উপজেলার আকবরনগর ইউনিয়নের মধুইল বাজারে কাজ শেষ করে মোটরসাইকেলে করে রাত ১১টার দিকে নজিপুরে ফিরছিলেন। ফেরার পথে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।











