ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
ক্যাম্পাসের সুরক্ষা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো ৪২৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসের সীমানাপ্রাচীর নির্মাণ, অন্যদিকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ—দুইয়ের সমন্বয়ে যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করা ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে আরো একটু এগিয়ে যাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। সে ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে এরই মধ্যেই আমরা অনেক দূর এগিয়ে গেছি। চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণের মধ্য দিয়ে সুরক্ষিত। ক্যাম্পাসের দুদিকে দুটি দৃষ্টিনন্দন গেট স্থাপনের কাজও অনেক দূরে এগিয়ে গেছে। গেটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে আলাদা একটি জগৎ হবে, সেটি একটি নন্দনকানন হবে।’
সিসি ক্যামেরা স্থাপনসংক্রান্ত টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে ৩২৫টি ক্যামেরা, ৯টি বিভাগের নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত ৪৯টি ক্যামেরা ও আগে স্থাপিত ৫১টি ক্যামেরাসহ সার্বক্ষণিক ৪২৫টি ক্যামেরা দ্বারা নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ করা হবে। ৩২৫টি ক্যামেরার মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পাঁচটি, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে চারটি, সংগীত বিভাগে দুটি, সিএসই বিভাগে ১৪টি, অর্থনীতি বিভাগে পাঁচটি, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে পাঁচটি, চারুকলা বিভাগে ছয়টি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে পাঁচটি, ইইই বিভাগে ১৫টি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে পাঁচটি, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগে চারটি, ফোকলোর বিভাগে তিনটি, আইন ও বিচার বিভাগে দুটি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচটি ক্যামেরা স্থাপন করা হয়।










