নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ছয়টি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ
অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, নদী দূষণ করে এমন ছয়টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। নদী দূষণকারী প্রতিষ্ঠানগুলো
হলো, বি এল ওয়াশিং, লোকনাথ ডাইং অ্যান্ড ওয়াশিং, সোনালী ওয়াশিং, এনএ ডাইং, মজুমদার
ওয়াশিং ও এএফ লন্ড্রী।
নারায়ণগঞ্জ
জেলা পুলিশ, ডিপিডিসি’র বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের
সংযোগ বিচ্ছিন্নকারী টীম ও পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের
সমম্বয়ে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
কারখানাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালনার অভিযোগ ছিল। এছাড়া দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তর। বার বার ইটিপি স্থাপনের নির্দেশ দিলেও তা অমান্য করে এসব প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে
আরো জানানো হয়, সোনালী ওয়াশিং ছাড়া প্রতিটি কারখানাতে গার্মেন্টসের ঝুট ব্যবহার করে
বয়লার পরিচালনা করা হয়। যাতে সৃষ্ট কালোধোঁয়ায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। কারখানাগুলোর
মধ্যে বিএল ওয়াশিং, এনএ ডাইং, মজুমদার ওয়াশিং, লোকনাথ ডাইং আবাসিক বাড়ির নিচতলায় অবৈধভাবে
স্থাপন করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
নারায়ণগঞ্জে
শতাধিক নদী দূষণকারী কারখানার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত
থাকবে বলে জানায় পরিবেশ অধিদফতর।










