নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার দুই বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিম। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজার এবং ফকিরাপুল কাঁচাবাজারে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে তদারকি দল অভিযান চালায়। এ সময় চাল, ডাল, ডিম, সবজি ও মুরগির বাজার তদারকি করা হয়। মূল্য তালিকা সঠিকভাবে টাঙানো হয়নি বা হালনাগাদ না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একই সঙ্গে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারে পার্কিং এলাকায় অবৈধভাবে দোকান বসানোর অভিযোগে বাজার কমিটিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, ফকিরাপুল কাঁচাবাজারে সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথের নেতৃত্বে অভিযানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়। তদারকিতে দেখা যায়, ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য পণ্যের মূল্যতালিকা হালনাগাদ করে সঠিকভাবে টাঙানোর জন্য বাজার কমিটিকে তাগিদ দেয়া হয়েছে।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।