বান্দরবানের থানচি উপজলায় তিন ব্যবসায়ীকে হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়ার আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম।

আদালত সূত্রে জানা যায়, যোহন ত্রিপুরা নামের এক ব্যক্তি ২০১৬ সালের ১৪ এপ্রিল রাতে গরু ব্যবসায়ী আবু নাঈমকে ফোন করে জানান, তার কাছে নয়টি ভালো গরু আছে। তাই পরদিন গরু কিনতে নাঈমের বড় ভাই আবু বক্কর দুই সহযোগী নুরুল আবছার ও সাহাবুদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে আলীকদম-থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় যান। তাদের সঙ্গে ছিল ৩ লাখ টাকা। এর পর তারা নিখোঁজ হন। এ ঘটনায় যোহন ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় আরো কয়েকজনকে। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আদালত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গতকাল জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়ার আদালত ১০ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। তারা হলো যোহন ত্রিপুরা, জনব্যাক ওরফে জহিন ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জয় বাহাদুর ওরফে জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, শানি ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, সানি ত্রিপুরা, আকাশ ওরফে সালাউ ত্রিপুরা, সেনেন্দ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা ও শিগরাম ত্রিপুরা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ছয়টি ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।