বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘ আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এ অঙ্গীকার প্রকাশ করেন।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশে দেশের উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার কিভাবে আরো বিস্তৃত পরিসরে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, তা নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।
একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম নিয়েও উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের সামগ্রিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সরকারি কর্মকাণ্ডে জাতিসংঘকে আরো ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।










