নরসিংদী
শহরের কাউরিয়াপাড়ায় খেয়াঘাট ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আজিম
নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে
হত্যা করে প্রতিপক্ষ। সংঘর্ষে আরো তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলমাছ মিয়ার অফিসসংলগ্ন মসজিদের সামনে এ সংঘর্ষ হয়।
নরসিংদী সদর মডেল থানাল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, খেয়াঘাটের ইজারা ও বোটের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাননি তারা। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআইডব্লিউ থেকে প্রতি বছর খেয়াঘাট ইজারা ডাকা হয়। গত বছর ইজারা পান মতিন মিয়া। জুনে তার ইজারার মেয়াদ শেষ হলে ইজারা পান ছাত্তার ও আলমাছ কমিশনারসহ কয়েকজন। ইজারাদার পরিবর্তন হওয়ার পরও মতিন ও তার সমর্থকরা ঘাট নিয়ন্ত্রণের চেষ্টা চালাত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল মতিন মিয়ার ছেলে নাজমুল ও রাব্বিসহ কয়েকজন ঘাটে গিয়ে হট্টগোল করে। এতে বাধা দিলে আলমাস কমিশনারের সমর্থকদের মারপিট করে। পরে ইজারাদারের লোকজন মতিনের বাড়িতে নালিস জানাতে গেলে মতিন ও তার ছেলেসহ ২০-২৫ জন তাদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্তার ও আলমাছ গ্রুপের আজিম, রায়হান, তান্না ও আমির হোসেন আহত হন। তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে আজিম মারা যায়।










