জয়পুরহাটে হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক। ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কৃষক শামুসল হত্যা মামলায় গতকাল এ আদেশ দেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর শামসুল ইসলাম বাড়ির পাশে মাঠে আলু রোপণ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারপিট করে। কোদাল দিয়ে কুপিয়ে জখমও করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় মামলা করেন।