কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হুজিত উল্লাহ (৩৪) নামে আরো এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।
হুজিত উল্লাহ ওই ক্যাম্পের ফয়জুল করিমের ছেলে। এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে ২০ নম্বর ক্যাম্পে করিম উল্লাহ (৩৭) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই আশ্রয়শিবিরের এম-২৭ ব্লকের গণি মিয়ার ছেলে। করিম উল্লাহ ওই ব্লকের সাব মাঝি (নেতা) ছিলেন। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করছেন ক্যাম্পের বাসিন্দারা।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এ সময় ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেয়ার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
রোহিঙ্গা নেতাদের দাবি, নিহত ওই দুই যুবক আরসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কয়েক মাস আগে তারা আরসা আরাকান সলিডারিটি অর্গানাইজেশনে (আরএসও) যোগ দেন। এ কারণে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।










