পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। তবে পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
রোববার (২৩ মার্চ) রাত থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে। মরা ভোলা নদী থেকে জোয়ারের পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে জোয়ার-ভাটার কারণে কাজে সমস্যা হচ্ছে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার লাইন কাটা হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জামান জানান, আগুন নেভাতে দশটি ইউনিট কাজ করছে। পানির উৎস দূরে থাকায় ও জোয়ার-ভাটার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

আগুন যাতে ছড়িয়ে না যায় তাই ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস
বন অধিদপ্তরের খুলনা বিভাগের বনসংরক্ষক ইমরান আহমেদ জানান, থেমে থেমে জ্বলছে আগুন। পানির অভাবে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। জোয়ারের পানির ওপর নির্ভর করে কাজ করতে হচ্ছে। আগুনের তীব্রতা বেশি।
এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে বনবিভাগ। এ নিয়ে সুন্দরবনের আগুন তদন্তে দুটি কমিটি করা হলো। নতুন কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।










