রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যক্তি উদ্যোগে আমিরুল ইসলাম নামে এক প্রতিবন্ধী ভ্যানচালকের পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যক্তি পর্যায়ে বালিয়াকান্দি উপজেলায় একটি ঘর প্রদানের উদ্যোগ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম। পরে উপজেলা প্রশাসন ও এলজিইডির সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের প্রতিবন্ধী ভ্যানচালক আমিরুল ইসলামকে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়।
গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে ওই ঘরের তালা-চাবি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, আমি জীবনে কোনো দিন ভাবিনি আমার একটি পাকা ঘর হবে। জন্মগতভাবে একটি পা ছোট হওয়ায় স্বাভাবিকভাবে আমি চলাফেরা করতে পারি না। এতদিন এক সন্তানকে নিয়ে একটি ঝুপরি ঘরে বসবাস করতাম। সরকারপ্রধানের নির্দেশে নিজের টাকা দিয়ে অতিরিক্ত সচিব ঘর করে দেয়ায় তাকে ধন্যবান জানান আমিরুল।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার নিজের টাকায় এলাকায় একটি ঘর করে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের বিত্তবানদেরই এ ব্যাপারে এগিয়ে আসা প্রয়োজন।










