সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে দেশে কোনো ধরনের নৈরাজ্যের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কিছুসংখ্যক ব্যক্তি বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা করার চেষ্টা করছে।’ গতকাল শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল।
ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এ নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন, অন্যান্য ব্যক্তি যারা এ গণতান্ত্রিক আন্দোলনে বন্দি হয়েছেন তাদের কিছু মুক্তি হয়েছে, কিছু বাকি আছে। আমরা সবার মুক্তির ব্যবস্থা করছি।’
গণতান্ত্রিক আন্দোলনের যারা কারাগারে আছেন, তাদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকারের দেশ গঠন করতে চাই।’










