পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন,  উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের প্রতিটি জেলা উপজেলায় ব্যাপক  উন্নয়ন হয়েছে।  আগামী  নির্বাচনে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে  ভোট বিপ্লব ঘটাতে হবে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের সুফল ভোগ করতে হবে। তা না হলে জামায়াত-বিএনপি আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দেবে।

শনিবার (১২ আগস্ট)  সকালে ছেংগারচর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে। মতলবে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা তলে এক হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার হলো দেশের জনগণের উন্নয়ন করা। বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখতেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে কাজ করছেন।

অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা  নির্বাহী অফিসার  আল ইমরান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড নুরুল আমিন রুহুল, নবনির্বাচিত মেয়র আরিফ উল্ল্যাহ সরকার,  তেজগাঁও থানা আওয়ামী লীগের সহ-সম্পাদক  ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজিসহ কাউন্সিলররা।