কক্সবাজার জেলার সব দপ্তর/সংস্থার কাজে সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি বলেন, ‘পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারত। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, উপযুক্ত ব্যবস্থাপনা ও উন্নয়নের অভাব এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার তার কাঙ্ক্ষিত জৌলুস হারিয়েছে। পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয়, পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সেজন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), স্থানীয় পৌরসভা, জেলা প্রশাসনসহ জেলায় কর্মরত সব দপ্তর/সংস্থার কাজে সমন্বয় প্রয়োজন।’

গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর/সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্ল্যানার, সমাজবিজ্ঞানীসহ বিভিন্ন পেশাজীবীর পরামর্শ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।