নেত্রকোনার কেন্দুয়ায় মাজারে বার্ষিক ওরস দেখতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে হযরত গোলাম হাসেন শাহের (রহ.) মাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার কিশোর। নিহত কিশোর সুমন মিয়া (১৬) চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের ইনচান মিয়ার ছেলে। গতকাল দুপুরে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই মাজারে শনিবার রাত ১১টার দিকে ওরশ চলাকালে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের কিছু কিশোর আসে। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে চিথোলিয়া গ্রামের কিশোরদের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমনসহ উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুমনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।










