দেশের ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পবানা ও নরসিংদীতে চারজন এবং দিনাজপুর, নারায়াণগঞ্জ, রাজধানীর বিমানবন্দর ও নাটোরে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পাবনা: ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোকুলনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালীর নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ির সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নরসিংদী: বেলাব উপজেলায় অজ্ঞাত একটি গাড়িচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কের চর লতিফপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়ার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) এবং একই গ্রামের মধ্যপাড়ার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তিন যাত্রী বেলাব উপজেলার পুরাদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুরে একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান। স্থানীয় লোকজন মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য দুজনকে কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। ঢাকায় নেয়ার পথে মারা যান মুরশিদ মিয়া।
হিলি: দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় শাহীন আলম (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকের সহকারী। গতকাল সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চালক শাহীন আলম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বিরামপুর চায়না অফিস মোড়ে আলুবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক শাহীন ও তার সহকারী আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা শাহীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি মারা যান।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গাড়িচাপায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের জালকুড়ি যুব উন্নয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর ফতুল্লা থানার লামারবাগ এলাকার মো. সোহাগের ছেলে।
ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ট্রাকচাপায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক এবং চালক হৃদয়কে (২১) আটক করেছে পুলিশ। আল-আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাকর নগর গ্রামে মৃত হুমায়ুন কবিরের ছেলে। তিনি বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় থাকতেন।
বিমানবন্দর থানার এসআই এনায়েত কবির মামুন জানান, রাত দেড়টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আল-আমিন। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাটোর: সিংড়ায় নসিমন উল্টে সুজয় কুমার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজয় রানীনগর থানার বড়গাছা গ্রামের স্বপন কুমারের ছেলে। সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে পিসির বাড়িতে বেড়াতে আসে সুজয়। প্রতিবেশীদের সঙ্গে নসিমনে কালাইকুড়ি গ্রামে অষ্টবর কীর্তন দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সে।









