ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। নির্বাচনে ৬টি পদের সবগুলোতেই নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বাকি চারটি পদের বিপরীতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

নির্বাচিত ৬ জন শিক্ষক প্রতিনিধি হলেন ডিন ক্যাটাগরিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক ক্যাটাগরিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস মাহিন মোহিদ।

এছাড়াও একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে সাতটি পদের সবগুলোতেই আওয়ামীপন্থীরা জয় পেয়েছেন। 

একাডেমিক পরিষদ নির্বাচিত ৬ জন শিক্ষক প্রতিনিধি হলেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস মন্দিরা চৌধুরী ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ এবং সহকারী অধ্যাপক বা প্রভাষক ক্যাটাগরিতে ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. আ. স. ম. মনজুর আল হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান ও আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মমিন ইসলাম।

ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি হলেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৮৩ সালের পর এবারই প্রথম দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীলদল পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।