মানিকগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান (৪৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান মানিকগঞ্জ পৌর এলাকার উচুটিয়া গ্রামের দিদার বক্সের ছেলে। তিনি বেসরকারি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন মাসুদুর রহমান। পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার মাঝখানে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মাসুদুর রহমানের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গোলড়া হাইওয়ে থানার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।