মাগুরার মহম্মদপুর থানার বিনোদপুর গ্রামে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ শিমুল মোল্ল্যা (১২) ও আরফিন সুলতানা (১৮) নামে ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা বিনোদপুর গ্রামের আরজু মোল্ল্যার সন্তান।
আরজু মোল্ল্যার স্ত্রী শ্যামলী খাতুন জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ছেলে ও মেয়ে পেটে ব্যাথায় অচেতন হয়ে পড়লে ভোর ৫টায় তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টায় ছেলে শিমুল মারা যায়। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বিকালে মেয়েটিও মারা যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, উপজেলার বিনোদপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক আরজু মোল্ল্যার ছেলে ও মেয়ে অসুস্থ অবস্থায় রবিবার ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। সকালে ছেলে শিমুল মোল্ল্যা মারা গেলে মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হলে আজ রবিবার বিকালে মেয়ে আরফিন সুলতানাও মারা যায়।
তিনি জানান, কোমল পানীয় পানে মৃত্যু হয়েছে এমন গুজব ছড়ালেও ছেলেটি কোমল পানীয় পান করেছিল, কিন্তু মেয়েটি কোন কোমল পানীয় পান করেনি বলে পারিবারিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খাবারে কোন বিষক্রিয়া ছিল কি না তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই তা জানা সম্ভব হবে।
তবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ভর্তি রেজিস্টারে কোমল পানীয় পানে অসুস্থ হওয়ার বিষয়টি উল্লেখ্য করা হয়েছে।
শিমুল বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র এবং আরেফিন সুলতানা বিনোদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।










