ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলফাজ উদ্দিন (২৮)ও অমিত (২৭) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন ইন্টারনেটের ব্যবসা করতেন। ঘটনার দিন রাতে মাস্টারবাড়ী এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে যান আলফাজ ও তার কর্মচারী অমিত হোসেন। সংযোগের কাজ করতে অমিত একটি টিনের চালায় উঠে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় নিচ থেকে অমিতকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় আলফাজও ওই টিনের চালায় উঠে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাটি টের পেয়ে আলফাজের বাবা আলিম উদ্দিন তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও গুরুতর আহত হন। এলাকাবাসী বিষয়টি টের পয়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলফাজ ও অমিতকে মৃত ঘোষণা করেন। আহত আলিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।