বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল মাগুরা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পুলিশ মাইক বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জে পাঁচজন আহত হয়েছেন। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

গতকাল বেলা ১১টায় মাগুরা শহরের ইসলামপুরে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য চলাকালে পুলিশ মাইক ব্যবহারের অনুমতি না থাকার অজুহাতে মাইক্রোফোন কেড়ে নিলে দলীয় নেতাকর্মীরা বাধা দেন। এ সময় পুলিশ লাঠিচার্জ শুরু করলে দলীয় নেতাকর্মীরা চেয়ার ছুড়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে। পুলিশের লাঠিচার্জে সমাবেশস্থল ত্যাগ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের ভায়নার মোড় এলাকায় পৌঁছলে সেখানে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, রাকিব লুত্ফার ও মামুনকে আটক করে পুলিশি ভ্যানে তোলে।

সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম রানা, শালিখা ছাত্রদলের ফিরোজ মৃধা, খাইরুল ইসলাম, সজীব পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। গুরুতর আহত যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তবে মাগুরা বিএনপির সমাবেশে পুলিশ কোনো লাঠিচার্জ করেনি বলে মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন দাবি করে বলেন এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।