পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভূমিহীন ১২০ পরিবারের জন্য বন্দোবস্তকৃত ১২৫ একর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাজেদা বেগম, মন্নান সরদার ও ইদ্রিস মৃধাসহ অন্যরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা দখলদার শিহাব বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে আন্দোলনকারী ভূমিহীনরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সরকার  আমখোলা ইউনিয়নের ১০৮ নম্বর চর মৈশাদি মৌজার ১২৫ একর জমি ১৯৯৯-২০০০ অর্থবছরে ভূমিহীন ১২০টি পরিবারের অনুকূলে বন্দোবস্ত দেয়। এ জমি তারা ভোগ করে আসছিলেন। কিন্তু কয়েক বছর ধরে এ জমি স্থানীয় ভূমিদস্যু শিহাব বাহিনী দখল করে রেখেছে। তাদের জমির কাছে যেতে দেয় না।

 সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি তারা। তাই সরকারের কাছে তাদের ভূমি দখলমুক্ত করার দাবি জানান।